
কলকাতা, ১০ ডিসেম্বর : আগামী ১২ ডিসেম্বর হাজরায় এবং ২১ শে ডিসেম্বর কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করবেন। এর পাল্টা বড় সমাবেশের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল।
মঙ্গলবার কলকাতার হাজরায় সভার পাল্টা সভা করবে বিজেপি , বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা হিসেবে এই সভার ঘোষণা করল ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রে খবর, আগামী ১৩ ডিসেম্বর হাজরা মোড়ে ওই সভায় থাকছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার।
গত ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দুর পাড়ায় সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের তালুকে সভা করেন নন্দীগ্রামের বিধায়ক। সেখানে একে অপরকে নাম না করে আক্রমণ শানান তাঁরা।
শুভেন্দুবাবু বলেছেন, ডিসেম্বরেই ডায়মন্ডহারবারে আবার সভা করবেন। বিজয় উৎসব করবেন। মিষ্টিমুখ করাবেন ডায়মন্ড হারবারবাসীকে। কিন্তু তার কারণ এখন বলবেন না। অন্য দিকে, শুভেন্দুর বার বার ডিসেম্বরে বড় কিছু ঘটার ইঙ্গিত নিয়ে অভিষেক কটাক্ষ করে বলেন, ‘‘এই যে বলছে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। জানেন, আমি যদি দরজা খুলি সরকার পড়ে যাবে।’’
এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় সভা করার কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। আর তার ২৪ ঘণ্টার ব্যবধানে একই জায়গায় সভা করবে বলে ঘোষণা করল তৃণমূল।
