
কলকাতা, ১০ আগস্ট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্নাতকের ওই পড়ুয়াকে। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্য়ু হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সূ্ত্রে জানা গিয়েছে, আহত ওই ছাত্রের নাম স্বপ্নদ্বীপ কুন্ডু। নদিয়ার বগুলায় বাড়ি তাঁর। উচ্চ মাধ্যমিক পাশ করে বাংলা নিয়ে স্নাতক স্তরে তিনি ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবারই ছিল তাঁর প্রথম ক্লাস। কিন্তু সেই ক্লাসে স্বপ্নদ্বীপ উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ ব্লক থেকে মাটিতে পড়েন বলে জানা গিয়েছে। বুধবার রাতে হস্টেল থেকে পড়ে আহত হওয়ার পর স্বপ্নদ্বীপকে নিয়ে যাওয়া হয় নিটকবর্তী বেসরকারি একটি হাসপাতালে। এদিন সকালে মৃত্যু হয়েছে তার।
