kolkata

2 years ago

WB panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি প্রত্যাহার রাজ্যের

Kolkata High Court (File Picture)
Kolkata High Court (File Picture)

 

কলকাতা, ১৬ জুন  : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য। শুক্রবার সেই আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। প্রধান বিচারপতিকে আর্জি প্রত্যাহার করার কথা জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই আর্জি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

প্রসঙ্গত, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রায়ের অংশ বিশেষ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। গতকাল সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশের পর আবেদন করে ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ পুনর্বিবেচনা চায় রাজ্য। নির্বাচন কমিশন কয়েকটি জেলাকে স্পর্শকাতর বলে ঘোষণা করে। বিরোধীদের জনস্বার্থ মামলায় হাইকোর্টের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে গতকাল আদালতে গিয়েছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য ছাড়াও কমিশন এবং বিজেপি এ নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাতটি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু স্পর্শকাতর এলাকাই এখনও চিহ্নিত হয়নি। তাই এই রায় পুনর্বিবেচনা করা হোক।’ কমিশন জানিয়ে দেয়, তারা এখনও স্পর্শকাতর বুথ চিহ্নিত করেনি। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যের সব এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে তা কার্যকরের নির্দেশও দেওয়া হয়। গতকাল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, হাইকোর্টের নির্দেশ মেনে চলবেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নিয়ে প্রথম থেকেই অশান্তি অব্যাহত। ৮ জুলাই একদফাতেই দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট।

You might also like!