
কলকাতা, ২২ ডিসেম্বর : আদালতের নির্দেশের পরেও স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ভূমিকায় আবার ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নবম-দশমের একটি নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে আশ্চর্য হলাম। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল। সেখানে কেন প্রার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে? কেন এই আড়াল?”
একই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, “এই দুর্নীতি তো জনসমক্ষে আনা প্রয়োজন। সেখানে এখনও কেন আড়াল করছে কমিশন?” এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কমিশনের আইনজীবীর উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আদালতের নির্দেশের পরও কেন স্বচ্ছতা নেই? আপনাদের এই ভূমিকায় আদালত মোটেই সন্তুষ্ট নয়।”
এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর যুক্তি, ওয়েবসাইটে যান্ত্রিক সমস্যা রয়েছে। এখনও অবধি সব ওএমআর শিট আপলোড করা যায়নি। বৃহস্পতিবারই সব শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
