
কলকাতা, ১৬ আগস্ট : বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিকই, হালকা বৃষ্টি হচ্ছেও দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায়। তবে, ঘর্মাক্ত গরম কাহিল করে দিচ্ছে, রয়েছে আর্দ্রতার অস্বস্তিও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন এইরকম পরিস্থিতি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকে আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলি, মাঝেমধ্যেই রোদের দাপটও সহ্য করতে হয়েছে।
