
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : আজ ঝটিকা সফরে বাংলাদেশের উদ্দেশে রওনা হলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কাপ উদ্বোধন করবেন মহারাজ। এছাড়া একটি ব্যাঙ্কের প্রচারে অংশ নিতেও দেখা যাবে তাঁকে। ডোনা গঙ্গোপাধ্যায়েরও থাকার কথা এই অনুষ্ঠানে।
এদিন বিকেল ৩টে নাগাদ ঢাকার একটি পাঁচতারা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর সন্ধে সাড়ে ৭টা নাগাদ ব্যাঙ্কের প্রচার অনুষ্ঠানে যোগ দেবেন।
অন্যদিকে, জানা যাচ্ছে সৌরভের বায়োপিকে তাঁর ভুমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে রণবীর কাপূরকে। সূত্রের খবর, বেশ কয়েক দফা আলোচনার পর রণবীর সৌরভের ভূমিকায় অভিনয়ে সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভও নিজের চরিত্রের জন্য রণবীরের নামে আপত্তি জানাননি। যদিও নিজের বায়োপিকের জন্য মহারাজের প্রথম পছন্দ নাকি ছিলেন রণবীর সিং। সদ্যই কপিল দেবের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। তবে আনুষ্ঠানিক বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। রণবীর ছাড়াও ভাবনায় রয়েছে আরও বেশ কয়েকটি নাম।
