kolkata

2 years ago

Suvendu Adhikari on Jadavpur Student Death : যাদবপুর নিয়ে এনআইএ তদন্তের দাবি শুভেন্দু

Suvendu Adhikari on Jadavpur Student Death (File picture)
Suvendu Adhikari on Jadavpur Student Death (File picture)

 

কলকাতা:  যাদবপুরের পড়ুয়া মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য এনআইএ তদন্তের দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, গ্রেফতার হওয়া পড়ুয়াদের মধ্যে একজন জম্মু ও কাশ্মীর থেকে এসেছেন। আর তারপর তাঁকে রেসিডেনশিয়াল সার্টিফিকেট দিয়েছে এ রাজ্যের শাসক দলের নেতা।

বুধবার বিকেলে কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় এই দাবি করেন শুভেন্দু অধিকারী।শুভেন্দুবাবু বলেন, যাদবপুরের যে ভবিষ্যৎ আমাদের চলে গিয়েছে, সেখানেও আমি এনআইএ-র দাবি করব। আজ জম্মু ও কাশ্মীর থেকে আসা আজমল বলে একটি ছেলে ধরা পড়েছে। সঙ্গে আরিফ বলে আর একটি ছেলেও ধরা পড়েছে।’ তাঁর বক্তব্য, ‘জম্মু ও কাশ্মীরের ছেলে যাদবপুরে ভর্তি হতে পারে না। তাঁকে রেসিডেনশিয়াল সার্টিফিকেট দিয়েছে শাসক দলের নেতা। ওবিসি (এ)- করে তাঁকে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। আজ তিনি গ্রেফতার হয়েছেন। এর সঙ্গে কাদের যোগাযোগ আছে, মধ্যযুগীয় বর্বরতা কারা করতে পারে, তা সহজেই আমাদের অনুমেয়। একে একেবারে শিকড় থেকে তুলে ফেলতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

এদিকে শুভেন্দুবাবুর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল যুব নেতা কোহিনুর মজুমদার। তাঁর বক্তব্য, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়কে উপাচার্যহীন করে রাখার কারণেই যাবতীয় সমস্যা হচ্ছে। একইসঙ্গে রাজ্যপাল বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছেন বলেও ঠারেঠোরে বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি।

কোহিনুর বলেন, ‘শুভেন্দুর দলের নেতা আমাদের রাজ্যপাল এই বিশ্ববিদ্যালয়কে উপাচার্যহীন করে রেখে দিয়েছেন। উপাচার্যহীন করে রাখার ফলে প্রশাসন মাথার উপর নেই। প্রশাসন মাথার উপর না থাকায় এক ঘটনাগুলি ঘটছে। এখানে বাম-রাম গোটাটাই মিলিত। গোটাটাই সিন্ডিকেট। এখানে শুভেন্দুবাবুরর দলের লোকও আছে। সুজন-সেলিমদের দলের লোকও আছে।’

শুভেন্দুবাবুর এনআইএ-র দাবি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তাঁর প্রশ্ন, এনআইএ দিয়ে কী হবে? তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করে না। রাজ্য সরকার ও তৃণমূল চায় ঘটনার ন্যায় বিচার হোক।

You might also like!