
কলকাতা, ১২ আগস্ট : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েই চলেছে। শনিবার সকালেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির সৌজন্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন মনোরমই। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও।
