
কলকাতা, ২২ জানুয়ারি : বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় প্রসঙ্গে তৃণমূল নেতা অজিত মাইতির মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে এবার নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতা অজিত মাইতির নাম জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তাঁর দাবি, জেলাপরিষদে নিয়োগের নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছেন অজিত মাইতি। গত কয়েকদিন ধরেই বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক অজিত মাইতির একটি ছবি ভাইরাল হয়। এরপরেই রাজ্য রাজনীতিতে ক্রমশ আলোড়ন পড়ে যায়। এ প্রসঙ্গে অজিত মাইতি বলেন,'' হিরণের মতো বহু মানুষ তৃণমূলে আসার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি দলে যোগ দেবেন কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন''।
রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় চা চক্রে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তারকা বিধায়কের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনার কথা উল্লেখ করে দিলীপের হুঁশিয়ারি, “দেখুন তাঁর (অজিত মাইতি) বাড়িতে কে আসে। তার আগে হয়তো তিনিই (অজিত মাইতি) গায়েব হয়ে গেলেন।”
তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে দিলীপ ঘোষ আরও বলেন, জেলা পরিষদে চাকরি দেওয়ার নামে বহু লোকের থেকে টাকা নিয়েছেন অজিত মাইতি। তাঁর সাবধানবাণী, “ও বড় বড় কথা যেন না বলে। সব তথ্য আমার কাছে আছে। একদিন বেরবে।”
