
কলকাতা, ২৪ ডিসেম্বর : ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সামনেই নির্বাচনের দাবিতে চলে এই বিক্ষোভ। নতুন রাজ্যপাল নিজে বিশ্ববিদ্যালয়ে গেলে তাঁর গাড়ি ঘিরে একদল পড়ুয়া দাবি করে, ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। পোস্টার, ব্যানার হাতে নিয়ে রাজ্যপালের প্রবেশপথ আটকে দাঁড়িয়েছিলেন এসএফআইয়ের একদল কর্মী, সমর্থক। রাজ্যপাল ঢুকতে তাঁর গাড়ি ঘিরে ধরা হয়। এরপর পুলিশি প্রহরায় জমায়েত সরিয়ে রাজ্যপালের গাড়ি ক্যাম্পাসে ঢোকে। সেখানেও ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা ফের তাঁর পথ আটকান বলে অভিযোগ।
বিক্ষোভ প্রদর্শন ঘিরে শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়ে। প্রতিবাদ জানিয়ে সমাবর্তন বয়কট করেন একদল ছাত্রছাত্রী। এদিন তাঁরা সার্টিফিকেট নেবেন না বলে সাফ জানান। ফলে শনিবার সমাবর্তনের শুরুতেই তাল কাটে। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন রাজ্যপাল। পরে প্রায় ৫-১০ মিনিট বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কথা বলার জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানান পড়ুয়ারা। বিষয়টি নিয়ে পরে আলোচনা করে রাজ্যপাল দেখবেন বলে জানিয়েছেন পড়ুয়াদের একাংশ। অনেকটা ‘হোক কলরব’-এর ধাঁচে প্রতিবাদে শামিল হতে দেখা যায় বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে। রাজ্যপাল যদিও তাঁদের উদ্দেশে গাড়ি থেকে হাত নেড়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে যান। ভিতরে সমাবর্তন অনুষ্ঠান শুরু হলেও বাইরে ছাত্রদের বিক্ষোভ চলতে থাকে।
সম্প্রতি ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে আন্দোলনে শামিল হন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশ। নির্বাচনের দাবিতে দীর্ঘ ১২ দিন ধরে অনশন চালান পড়ুয়াদের একাংশ। এর পর অনশন প্রত্যাহার করে আন্দোলনকারী পড়ুয়ারা ঘোষণা করেন যে, নিজেদের ভোট তাঁরা নিজেরাই করবেন। যাবতীয় প্রশ্নের মধ্যেই ‘নিজেদের ভোটে গড়ে নেব নিজেদের ইউনিয়ন’ স্লোগান তুলে গত বৃহস্পতিবার মেডিক্যালে নির্বাচন করেন পড়ুয়াদের একাংশ।
