
কলকাতা, ২৭ নভেম্বর : বুধবার ধর্মতলায় মহা সম্মেলন বিজেপির। ১০০ দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলের ‘বঞ্চনা’ আন্দোলনের পালটা হিসেবে ২১ জুলাইয়ের সভাস্থলেই সমাবেশের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সেই সভায় হাজির থাকবেন শাহ, সোমবার তিনি সফরের কথা নিশ্চিত করেছেন বলে সূত্রের খবর।
এর পর পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সমাবেশকে সর্বতোভাবে সফল করতে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার চলছে সমাবেশে হাজিরার জন্য। তবে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে প্রচারের কাজে তিনি ব্যস্ত। তাই কলকাতায় বস্তুত ঝটিকা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্রের খবর, আগামী বুধবার বেলা ১১টা ৫ নাগাদ দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে তা পৌঁছনোর কথা দুপুর ১টা নাগাদ। এর পর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখান থেকে গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চ অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে। দুপুর ২টো থেকে মঞ্চে বক্তব্য রাখতে পারেন অমিত শাহ। সেখানে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা। তার পর একই পথে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। ৩টে ৪৫ মিনিট নাগাদ কলকাতা থেকে দিল্লিগামী বিমান রয়েছে। সন্ধের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন শাহ।
