
কলকাতা, ২০ জুন: দক্ষিণবঙ্গে আগমণ হয়ে গিয়েছে বর্ষার, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমণ হতেই বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবারই কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূমের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় পৌঁছে যাবে বর্ষা। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদও নেমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, পারদ নিম্নমুখী কলকাতাতেও, তবে মঙ্গলবারও স্বাভাবিকের ঊর্ধ্বে থাকল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বর্ষার আগমণ হতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিন এ ভাবেই বৃষ্টি চলবে একাধিক জেলায়। বরং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রাও কমবে বলে পূর্বাভাস। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় বৃষ্টি বাড়তে পারে, অন্যান্য জেলাগুলিতেও হবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে দক্ষিণের উপকূল এলাকার কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
দক্ষিণবঙ্গ তো বটেই, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২২ জুন পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি বজায় থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। শুক্রবার থেকে আবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। অন্যদিকে এই সময়ে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহবিদরা।
