kolkata

3 years ago

Calcutta Medical College : অনশনকারীদের পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকেরাও যোগ দেবেন এই কর্মসূচীতে

Calcutta Medical College
Calcutta Medical College

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অনশন শুরু করেছেন ছয় পড়ুয়া। আন্দোলনে যোগ দিয়েছেন অন্যেরাও। প্রতিবাদ বৃহত্তর করতে রাজপথে মিছিলও করেছেন আন্দোলনকারীরা। এ বার তাঁদের অভিভাবকেরা বসবেন প্রতীকী অনশনে। আজ, বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে চলবে ১২ ঘণ্টার সেই অনশন কর্মসূচি। 

বুধবার সন্ধ্যায় আন্দোলনকারীদের তরফে এমবিবিএসের চতুর্থ বর্ষের ছাত্র অনিকেত কর জানান, অনশনকারীদের পাশাপাশি অন্য পড়ুয়াদের অভিভাবকেরাও যোগ দেবেন প্রতীকী অনশনে। সকাল ৯টা থেকে তা চলবে রাত ৯টা পর্যন্ত। অনিকেত বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্যসচিব আমাদের সঙ্গে এসে কথা বলেছেন। কিন্তু এখনও সমাধানসূত্র বেরোয়নি। ২২ ডিসেম্বর ভোট না হওয়ার নির্দিষ্ট কারণ কেউই বলতে পারছেন না। এমনকি ভোটের অন্য তারিখও নির্দিষ্ট করে জানাতে পারছেন না।’’ 

চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি ছিল, বহিরাগতদের ইন্ধনেই এত বড় আন্দোলন সংগঠিত করেছেন কলকাতা মেডিক্যালের পড়ুয়ারা। প্রসঙ্গত, ঘেরাও কর্মসূচি চলার সময়ে কলকাতা মেডিক্যালের কেন্দ্রীয় পরীক্ষাগার কেন বন্ধ হয়েছিল, সে বিষয়ে জানতে তদন্ত কমিটি গঠন করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন সেই রিপোর্ট জমা পড়েছে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের কাছে। তাতে জানানো হয়েছে, বাইরে গোলমাল দেখে নিরাপত্তাকর্মীরাই পরীক্ষাগারের গেটে তালা দিয়েছিলেন। এ দিনও ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’-এর প্রতিনিধিরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে আসেন। ওই যৌথ মঞ্চের তরফে চিকিৎসক মানস গুমটা বলেন, ‘‘নির্বাচন করতে সমস্যা কোথায়, জানতে চাওয়া হলেও অধ্যক্ষ এর কোনও সদুত্তর দিতে পারেননি।’’

You might also like!