
কলকাতা, ১৮ জুলাই: সামনেই একুশে জুলাই। জেলায় জেলায় চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে দুঃসংবাদ শোনালো হাওয়া অফিস। চলতি সপ্তাহে মেঘলা থাকবে আকাশ। কোথাও কোথাও ঝড়বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এই অবস্থায় ঝড়বৃষ্টির সতর্কতাও রাখতে শুরু কড়েছেন উদ্যোক্তারা। বেশ কিছুদিন ধরেই আকাশের মুখভার। মাঝমধ্যেই দু-এক পশলা বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। দিনভর মেঘলাই থাকবে আকাশ। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে।
একুশে জুলাই বাড়বে বৃষ্টি। যদিও ভারীবৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে নেই বলেই খবর। আপাতত তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপর দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই খবর। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়তে পারে শুক্রবার অর্থাৎ একুশে জুলাই থেকে। আপাতত তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই খবর।
