
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক ধাক্কায় প্রায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক বাড়াতে চলেছে কলকাতা পুলিশ। এক তো ব্যাপক কর্মী-সঙ্কট তার উপ্র পুজোতে যে পরিমান ভিড় থাকে তা সামাল দিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পুজোর দিনগুলিতে রাস্তায় দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে অন্যতম ভরসা হতে যাচ্ছেন কলকাতা পুলিশের এই স্বেচ্ছাসেবকেরা। কিন্তু সংখ্যা বাড়লেও প্রশিক্ষণহীন স্বেচ্ছাসেবকদের দিয়ে আদৌ ভিড় নিয়ন্ত্রণ করা যাবে কি?
লালবাজার সূত্রের খবর, প্রতি বছর পুজোকে কেন্দ্র করে দৈনিক নির্দিষ্ট মজুরির ভিত্তিতে রাস্তায় স্বেচ্ছাসেবক মোতায়েন করে কলকাতা পুলিশ। এ বছর পুজোয় মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ১৫ হাজার স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালবাজারের তরফে। গত বছর এই সংখ্যাটা ছিল ১০ হাজার। তবে এ বছর সেই সংখ্যা বাড়ানো হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর। ইতিমধ্যেই স্বেচ্ছাসেবকদের জন্য ১৮ হাজার গেঞ্জি এবং টুপি বানানোর বরাত দিয়েছে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, মহালয়ার পর থেকেই পুলিশকর্মীদের পাশাপাশি এই স্বেচ্ছাসেবকদের রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। মূলত, রাতের শহরে পুজো মণ্ডপগুলিতে জনস্রোত নিয়ন্ত্রণ করতেই তাঁদের কাজে লাগানো হবে।এমনিতেই গত কয়েক বছরে নতুন করে বাহিনীতে নিয়োগ না হওয়ায় কলকাতা পুলিশে নিচুতলার কর্মীর সংখ্যা হু হু করে কমেছে প্রায় আট হাজার। লালবাজার সূত্রের খবর, আপাতত বাহিনীতে মোট কর্মী আছেন প্রায় ১৪ হাজার। বিপুল
পরিমাণে কর্মী-সঙ্কট থাকার কারণেই পুজোর ভিড় সামলাতে আরও বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবককে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন লালবাজারের পুলিশকর্তাদের একাংশ।উল্লেখ্য, পুজোর ক’দিন রাস্তায় ভিড় সামলাতে শুধু স্বেচ্ছাসেবকেরাই থাকবেন, এমন নয়। রাস্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও উইনার্স বাহিনীর সদস্যেরা মোতায়েন থাকবেন।পুলিশের অন্য বাহিনীকেও প্রস্তুত রাখা হবে। স্বেচ্ছাসেবকদের কাজ দেখাশোনার জন্য তাঁদের সঙ্গেও পুলিশের আধিকারিকেরা থাকবেন। পুজোর ভিড় দক্ষ হাতে সামলে নির্বিঘ্নে উৎসব সামলাতে প্রস্তুত কলকাতা পুলিশ।
