
কলকাতা, ৭ জানুয়ারি : মোমিনপুরের ঘটনায় শনিবার চার্জশিট জমা করল এনআইএ । বিশেষ এনআইএ আদালতে ২২ জনের নামে চার্জশিট জমা পড়ে এদিন। এরমধ্যে ১৪ জন ফেরার। ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। হিংসা ছড়ান, পুলিশের কাজে বাঁধাদান, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র ও বিস্ফোরক আইনের মত ধারার উল্লেখ রয়েছে এই চার্জশিটে।
মোমিনপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। গত ২৮ অক্টোবরে দায়িত্বভার নেওয়ার পরপরই মোমিনপুরে যায় এনআইএ। লালবাজারেও যায় তারা। ঘুরে দেখে মোমিনপুর এলাকা। মোমিনপুরের ১৭টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয় অভিযানে। এরপর জানুয়ারির শুরুতেই চার্জশিট পেশ করল তারা।
অন্যদিকে, মোমিনপুরের ঘটনায় সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট। তদন্ত করছে তারাও। তিনটি এফআইআর দায়ের হয়। যার দু’টির তদন্ত করছে কলকাতা পুলিশ। একটির তদন্তভার নিয়েছে এনআইএ। এই মামলায় কলকাতা পুলিশের হাতে ধৃত ২০ জনকে হেফাজতে নিয়েছিল এনআইএ। পরে ৮ জনকে গ্রেফতার করা হয়। সেই ৮ জনেরই নাম রয়েছে চার্জশিটে। তবে চার্জশিটে যাঁদের নাম রয়েছে তাঁদের অনেকেই ফেরার রয়েছে।
সূত্রের খবর, কলকাতা পুলিশ যে ২০ জনকে গ্রেফতার করেছিল, তাদের সঙ্গে এই মামলায় যোগসূত্র পাওয়া যায়নি। ফলে সেই ২০ জনকে এই মামলা থেকে মুক্ত করার জন্য আবেদনও জানান হয়।
