
কলকাতা, ১ সেপ্টেম্বর : এ বারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না পাওয়ায় পার্কিং ফি বাড়ানোয় সায় দিল না নবান্ন। তাই কলকাতার শহরের পার্কিং ফি অপরিবর্তিতই রাখছে কলকাতা পুরসভা।
মুখ্যমন্ত্রীকে না জানিয়ে পার্কিং ফি বাড়িয়ে কয়েক মাস আগে বিড়ম্বনায় পড়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। গত অগস্ট মাসে পার্কিং লটের দায়িত্ব বণ্টনের জন্য টেন্ডার ডেকেছিল পুরসভা। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। এ বার নতুন সংস্থা বা এজেন্সির হাতে দায়িত্ব ভাগ করে দেবে কলকাতা পুরসভা। পুরসভার একটি সূত্র জানিয়েছিল, তারা পুরনো হারেই পার্কিং ফি নেবে।
শনিবার সাংবাদিক বৈঠকে সেই খবরে সিলমোহর দিয়েছেন স্বয়ং মেয়র। ফিরহাদ বলেন, ‘‘পার্কিং ফি নিয়ে নবান্ন থেকে কোনও নির্দেশ আসেনি। সেই কারণে আমরা পুরনো পার্কিং ফি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি পুরনো পার্কিং ফি-র রেট অব্যাহত রেখেই টেন্ডার করা হয়েছে।’’
চলতি বছর এপ্রিল মাসে পার্কিং ফি বৃদ্ধির কথা ঘোষণা করে কলকাতা পুরসভা। কিন্তু ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না নিয়ে মেয়র ফিরহাদ পুরসভা এলাকায় পার্কিং ফি বৃদ্ধি করেছেন বলে সাংবাদিক বৈঠক ডেকে জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। মেয়রকে ওই নির্দেশ প্রত্যাহার করতে হবে বলে ঘোষণাও করে দেন কুণাল। সঙ্গে সর্বভারতীয় তৃণমূলের তরফে টুইট করে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে দেওয়া হয়। পরে বিজ্ঞপ্তি দিয়ে পাকিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে পুরসভা।
