kolkata

2 years ago

Kolkata East West Metro: চলতি বছরের ডিসেম্বরেই হাওড়া ময়দান এবং এসপ্লানেড মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা

East-West Metro (Symbolic Picture )
East-West Metro (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের শেষে হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে বাণিজ্যিক ভাবে শুরু হতে পারে মেট্রো পরিষেবা। বৌবাজারে বারকয়েক বিপত্তির কারণে শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত এখনই মেট্রো ছুটবে না ঠিকই, তবে ওই ব্যবধানটুকু সরিয়ে রেখে বাণিজ্যিক পরিষেবার নানা আনুষঙ্গিক শর্ত পূরণ করে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চালু থাকা একই ‘নেটওয়ার্ক’-এর আওতায় চলে আসবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশ। বলা যেতে পারে, নতুন সফ্‌টওয়্যার এবং হার্ডওয়্যারের সংযুক্তির হাত ধরে এই প্রথম জুড়ে যাবে মেট্রোর পূর্ব এবং পশ্চিম, দুই প্রান্ত।

মেট্রো সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসে হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই নতুন মেট্রোর হাওড়া ময়দান, হাওড়া, বি বা দী বাগ এবং এসপ্লানেড স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। ওই মেট্রোপথে ভাড়া আদায়-সহ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা সেক্টর ফাইভ এবং শিয়ালদহের মধ্যে চালু ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। যাতে যাত্রীদের ক্ষেত্রে ভাড়ার কাঠামো, যাতায়াত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়গুলি এক জায়গা থেকেই নিয়ন্ত্রিত হয়। মেট্রো সূত্রের খবর, এই কাজের অঙ্গ হিসাবে বিশেষ রেভিনিউ কিট সফ্‌টওয়্যার নতুন করে বসানো ছাড়াও তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

মেট্রোর আধিকারিকেরা জানাচ্ছেন, মেট্রোর নতুন অংশে পরিষেবা শুরুর আগে প্রযুক্তিগত সংযুক্তি বিশেষ আবশ্যক। সেই জন্যই দু’দিন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। মেট্রোকর্তাদের দাবি, গোটা পথে ট্রেনের চাকা না গড়ালেও পরিষেবা সংক্রান্ত প্রযুক্তির আঙ্গিকে জুড়ে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আপাতত এসপ্লানেড এবং শিয়ালদহের মধ্যে একটি সুড়ঙ্গপথেই এই প্রযুক্তি সম্প্রসারণের প্রয়োজনীয় সংযোগ গড়ে তোলা হয়েছে।

এর পরবর্তী স্তরে এসপ্লানেড এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে জোড়া সুড়ঙ্গের সব সমস্যা মিটে গেলে সিগন্যালিং-সহ অন্যান্য স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ হবে বলে মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে।

You might also like!