
কলকাতা, ৯ সেপ্টেম্বর : শহরবাসীর কাছে জলের যন্ত্রণা নতুন কিছু নয় ৷ তার উপর বেশ কয়েকটি এলাকায় কাজ চলছে কেআইএইপি-র (কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট)৷ তার জেরেই নাজেহাল অবস্থা শহরবাসীর ৷ টক টু মেয়রে নগরবাসীর অভিযোগ শোনার পরেই শনিবার তড়িঘড়ি জরুরী বৈঠকের ডাক দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
শুক্রবার ছিল টক টু মেয়র অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে মেয়রকে এলাকার দুর্ভোগের কথা শোনালেন কলকাতা পৌরনিগমের বাসিন্দা পীয়ুষকান্তি দাস ৷ অভিযোগ, তিনি ব্রহ্মপুরের বাসিন্দা ৷ যেটি ১১১ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত ৷ একটু বৃষ্টি হলেই তার এলাকা জল-কাদায় ভরতি হয়ে যাচ্ছে ৷ এই নোংরা জমা জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। এরপরেই মেয়র জল জমার কারণ জানতে চান পৌর আধিকারিকদের কাছে ৷
কেইআইপি-র আধিকারিককে মেয়র বলেন, "বছরের পর বছর কাজ চলবে । আর মানুষ জলের মধ্যে দিয়ে যাবে ৷ কলকাতাকে নরক তৈরি করে দিচ্ছেন তো । আপনার কন্ট্রাক্টরদের বলুন দ্রুত ব্যবস্থা নিতে । " এর পরেই আপৎকালীন ভিত্তিতে আজ কেইআইপির সঙ্গে রিভিউ মিটিং ডাকেন মেয়র । শহরের যে যে ওয়ার্ডে কেইআইপি-র কাজ হচ্ছে সেই ওয়ার্ডের কাউন্সিলর এবং বরো চেয়ারম্যানদেরও এদিনের বৈঠকে উপস্থতি থাকার কথা জানিয়েছেন ৷ যে সমস্ত ওয়ার্ডে কেইআইপি-র কাজ চলছে সেখানকার সমস্যার ছবি নিয়ে বৈঠকে পৌর আধিকারিকদের আসতে হবে বলে জানিয়েছেন মেয়র ।
