kolkata

2 years ago

Mamata Banerjee at SSKM : এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী, মমতার পায়ে অস্ত্রোপচার হতে পারে বৃহস্পতিবারই

Mamata Banerjee  at SSKM (File Picture )
Mamata Banerjee at SSKM (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার ঠিক দু’টো নাগাদ এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক ঠাক চললে বৃহস্পতিবারই তাঁর পায়ে অস্ত্রোপচার (প্রসিডিওর) হতে পারে। এসএসকেএমে আসার পর তাঁকে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সিটি স্ক্যান হওয়ার কথা। কিছু ক্ষণ বাদে ইউসিএম ভবন থেকে তাঁকে বেরোতে দেখা যায়। বেরনোর সময় উপস্থিত এক রোগীর সঙ্গে কথাও বলেন তিনি। তার পর গাড়িতে চেপে উডবার্ন ব্লকের দিকে রওনা হন।

সোমবারই দুবরাজপুরের সভায় মোবাইলের মাধ্যমে ভাষণ দেওয়ার সময়ে মমতা নিজের অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন। খবর ছিল, তার জন্য চলতি সপ্তাহের শেষেই হাসপাতালে ভর্তি হতে পারেন মুখ্যমন্ত্রী।

গত ২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে বাঁ পা ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। সে দিনই তাঁকে তড়িঘড়ি এসএসকেএমে আনা হয়েছিল। পরে ফিজ়িক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান চিকিৎসক রাজেশ প্রামাণিক এবং রেডিয়োলজির প্রধান চিকিৎসক অর্চনা সিংহের তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু হয়। এমআরআই-এ দেখা যায়, বাঁ হাঁটুর লিগামেন্ট এবং হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতে জল জমার চিহ্নও রয়েছে। কিন্তু সে দিন চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও সেই প্রস্তাবে রাজি হননি মুখ্যমন্ত্রী। বরং, তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেন।

হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই মমতাকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা। এর পর থেকে বাড়িতে নিয়মিত মুখ্যমন্ত্রীর ফিজ়িয়োথেরাপি শুরু হয়। প্রতি দিন চার ঘণ্টা করে চলছে ওই থেরাপি।মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর ছিল, ফিজিয়োথেরাপিতে কিছুটা স্থিতিশীল হওয়ার পরেই হাঁটুতে জল জমা ও লিগামেন্টের চোটের সমস্যা দূর করতে অস্ত্রোপচার (প্রসিডিওর) করার বিষয়ে পরিকল্পনা করেছেন চিকিৎসকেরা।

You might also like!