
কলকাতা, ১৫ আগস্ট : কলকাতার রেড রোডে মহা সাড়ম্বরে উদযাপিত হল ৭৭-তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের সকালে সেজে ওঠে রেড রোড। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু স্কুলের পড়ুয়ারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছে। মঙ্গলবার সকালেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় জানান, '‘আমাদের ইতিহাসের অধ্যায়গুলি সাহস ও স্থিতিস্থাপকতায় লেখা হয়েছে। তেরঙা পতাকা উত্তোলনে আসুন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করি এবং তাঁরা যে মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন তা সমুন্নত রাখার অঙ্গীকার করি।"
মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে জেলা প্রশাসক, বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেল এবং অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের পর তাঁকে গার্ড অফ অনারে সম্মান জানানো হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুচকাওয়াজের সাক্ষী হয়েছে কলকাতার রেড রোড। রবিঠাকুরের গানে মুখরিত হয়ে ওঠে রেড রোড। কন্যাশ্রী, সবুজসাথীরা স্বাধীনতার উৎসবে সামিল হয়, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হাজির হন 'লক্ষ্মী'রা।
এদিনের অনুষ্ঠানে কলকাতা এবং রাজ্য পুলিশের অফিসারদের চমৎকার সেবার জন্য মুখ্যমন্ত্রী সেবা পদক দিয়ে সম্মানিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন কুচকাওয়াজের সাক্ষী হচ্ছিলেন, তখন হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হয়। রেড রোডে এদিন ব্যাপক নিরাপত্তা বলয় ছিল, রেড রোডের চারপাশে প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন ছিল এবং কলকাতা পুলিশের প্রশিক্ষিত স্নাইপাররা ওয়াচ টাওয়ার থেকে নজর রাখছিলেন।
