
কলকাতা, ২১ জানুয়ারি : ইডি এবং সিবিআই আধিকারিকদের নাম করে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন তাপস মণ্ডল। স্বামী কুন্তল ঘোষের গ্রেফতারির পর বিবৃতি জারি করে অভিযোগ জানালেন স্ত্রী জয়শ্রী ঘোষ। ইডি যে ফ্ল্যাটগুলিতে শুক্রবার সকালে হানা দিয়েছিল, তার একটিতে দীর্ঘ সময় ধরে তাপস নিজেই থাকতেন বলে দাবি জয়শ্রীর। একই সঙ্গে তাঁর স্বামীর বিরুদ্ধে শিক্ষক পদপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার যে অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস এনেছেন, তা-ও সর্বৈব ভাবে ‘মিথ্যা’ বলেই দাবি করেছেন তিনি। ‘ন্যায়বিচার’ পেতে তিনি কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডির উপর তিনি আস্থা রাখছেন।
শনিবার সকালে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল। ইডি সূত্রে খবর, কুন্তলের স্ত্রী জয়শ্রীকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। স্বামীর গ্রেফতারির পর এবার মুখ খুললেন সেই জয়শ্রী। একটি বিবৃতি জারি করে জয়শ্রী লেখেন, ‘‘চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে কুন্তল ১৯ কোটি টাকা নিয়েছেন বলে যে দাবি তাপস করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাপস এবং তাঁর কয়েক জন সহযোগী ষড়যন্ত্র করে কুন্তলকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে।’’
