
কলকাতা :ব়্যাগিং রুখতে কলকাতা পুলিশের টোল ফ্রি হেল্পলাইন নম্বরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও ব়্যাগিং-এর ঘটনা ঘটলেই এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেছেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে সরগরম গোটা রাজ্য৷ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে ব়্যাগিং-এর স্পষ্ট যোগ মিলেছে৷ সেই কারণে এই মৃত্যুর ঘটনায় ব়্যাগিং-এর ধারা যুক্ত করতে চাইছে কলকাতা পুলিশ৷ ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছাত্রমৃত্যুর যথাযথ তদন্তের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং-এর ঘটনা রুখতেও তৎপর হয়েছে রাজ্য।
সেই মতোই রাজ্যজুড়ে ব়্যাগিং রুখতে ২৪ ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ৷ মঙ্গলবার নেতাজি ইনডোরে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের মঞ্চ থেকে এই হেল্পলাইন নম্বরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, অ্যান্টি ব়্যাগিং টোল ফ্রি নম্বরটি হবে ১৮০০৩৪৫৫৬৭৮৷
কোথাও কোনও প্রতিষ্ঠানে ব়্যাগিং হলে এই নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আপনি অভিযোগ জানালে আপনার নম্বর গোপন থাকবে৷ যাতে কেউ অভিযোগকারীর নম্বর না পায়, সে জন্য পুলিশকে সেফটি লকার তৈরি করতে বলছি ৷"
