
কলকাতা, ১৯ ডিসেম্বর : সোমবার মেডিক্যালের পড়ুয়াদের অনশন দ্বাদশ দিনে পড়ল। অপর্ণা সেনের পর এবার মেডিক্যাল পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানালেন অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। মেডিক্যাল পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের উদ্দেশে ভিডিও বার্তায় কৌশিকবাবু জানান, ‘রাজনৈতিক দল বা মতবাদের তাঁবেদারি করছি না, আন্দোলনকারীদের পাশে আছি’।
তিনি বলেন, “নির্বাচনের দাবীতে পড়ুয়াদের আন্দোলন। এই আন্দোলন মেনে নিতে চাইছে না কলেজ কর্তৃপক্ষ। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দল বা মতবাদের তাঁবেদারি করছি না। আন্দোলনকারীদের পাশে আছি”। এর আগে অপর্ণা সেনও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছিলেন।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মেডিক্যালের পড়ুয়াদের একাংশ অনশন আন্দোলন শুরু করেছে । পড়ুয়াদের সেই আন্দোলন আজ দ্বাদশ দিনে পড়ল। চিকিৎসক মহল পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়ে রীতিমতে উদ্বিগ্ন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার তরফে গতকাল, রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আবেদন করা হয়েছে যাতে রাজনৈতিক দলগুলি সুকুমারমতি ছাত্রদের মদত দেওয়া বন্ধ করে।
এদিকে, সোমবার অনশনরত মেডিক্যাল পড়ুয়ারা ফের মিছিলের ডাক দিয়েছেন। সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়, “অনশনের জন্য কলেজ অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ স্বাস্থ্যভবনে গিয়ে কাজ করছেন এটা আসলে উপর মহলের কাছে দেখানো যে তাঁরা মানসিক চাপের মধ্যে রয়েছেন। এমন পদক্ষেপ অনভিপ্রেত। তাই ফের মিছিল হবে”।
