
কলকাতা, ২৭ অক্টোবর : "আমি গভীর ষড়যন্ত্রের শিকার হলাম", ইডি-র হাতে গ্রেফতারের পর এই মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। গ্রেফতারের পর ভোররাত ৩.২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে।
সিজিও কমপ্লেক্সের ইডি দফতরেও তাঁকে নিয়ে আসা হয়। তবে এ বিষয়ে ইডির কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।”
এদিকে, রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ মিলেছে। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫ জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে, ইডি সূত্রে দাবি। প্রায় ১০০ কোটি টাকা সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। 'বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে'। বেশিরভাগ জমিই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে বলে দাবি ইডি সূত্রে।
