kolkata

3 years ago

Justice Abhijit Gangopadhyay: সাক্ষাৎকার যখন দিয়েছি, উত্তরও দিতেই হবেঃ বিচারপতি গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay The Justice of  Kolata High Court
Abhijit Gangopadhyay The Justice of Kolata High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার কোর্ট চত্বরে জোর জল্পনা তিনি নাকি ইস্তফা দেবেন! এবার এই আলোচনার সোজা সপাট উত্তর দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ২টোর সময় এজলাসে এসেছিলেন বিচারপতি। সেখানে বসেই তিনি ঘোষণা করেন, ‘‘শুনছি কেউ কেউ রটাচ্ছে আমি নাকি ইস্তফা দিচ্ছি...! আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে।’’ 

গত এক সপ্তাহে সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। সেই সঙ্গে টিভিতে বিচারপতির সাক্ষাৎকার দেওয়া নিয়ে হলফনামাও জমা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা বলা হয়েছে, এজলাসে বসে তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়া এবং নিয়োগ দুর্নীতি— দু’টি বিষয় নিয়েই মন্তব্য করেছেন বিচারপতি। 

উল্লেখ্য, মঙ্গলবার প্রথমে বিচারপতি বলেন, ‘‘যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। যত মিথ্যা কথা বলা হয়েছে, সেগুলির ব্যাখ্যা দিতে হবে। আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না।’’এর পর টিভি সাক্ষাৎকার নিয়ে তিনি বলেন  ‘‘ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে।’’ তবে একই সঙ্গে বিচারপতি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের অর্ডার কপি এখনও আপলোড হয়নি শুনলাম। অর্ডার আসুক। উত্তর দেব।’’

প্রসঙ্গত, মঙ্গলবার আদালতের প্রথমার্ধে এজলাসে বসেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।দুপুর ২টোর সময় এজলাসে এসে তাই বিচারপতিকে বলতে শোনা যায়, ‘‘প্রথমার্ধে বসিনি। আমাকে দিয়ে ইস্তফা দেওয়াও হয়ে গেল। আমি ইস্তফা দিচ্ছি, এটা রটে গিয়েছে। কিন্তু আমি পদত্যাগ করছি না।’’ 

You might also like!