
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার অনিচ্ছাকৃত কারনে না হলেও অবশেষে বৃহস্পতিবার লালবাজারের তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার পুলিশের মুখোমুখি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালেয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়।বিকেল ৪টের আগেই রজত লালবাজারে পৌঁছে গিয়েছেন।
বুধবার বিকেলে ডিন অফ স্টুডেন্টস রজত এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব করেছিল লালবাজার। বিকেল ৩টের কিছু পরে সেখানে যান রেজিস্ট্রার। কিন্তু রজত যাননি। তিনি পুলিশকে জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলছে। তাঁকে ‘ঘেরাও’ করে রাখা হয়েছে। তাই পুলিশের তলব সত্ত্বেও লালবাজারে হাজিরা দিতে পারেননি তিনি।
ডিনকে না পেয়ে রেজিস্ট্রারকেই জিজ্ঞাসাবাদ করা হয়। লালবাজারে প্রায় সাড়ে তিন ঘণ্টা ছিলেন স্নেহমঞ্জু। তদন্তকারীদের একাংশের সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং হস্টেল সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রারকে ২০টিরও বেশি প্রশ্ন করা হয়েছে। তদন্তকারীদের ওই সূত্রটির দাবি, বেশির ভাগ প্রশ্নেরই জবাব দিতে গিয়ে স্নেহমঞ্জু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়ই সে সব প্রশ্নের জবাব দিতে পারবেন।
এর পর বৃহস্পতিবার রজতকে ফের ডাকা হয় লালবাজারে। যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় তাঁর বয়ান গুরুত্বপূর্ণ হতে পারে। বিকেলে তিনি পুলিশের দফতরে হাজিরা দিয়েছেন। যে প্রশ্নগুলি স্নেহমঞ্জুকে করা হয়েছিল, তার অনেকগুলিই রজতকেও জিজ্ঞাসা করা হতে পারে। কারণ রেজিস্ট্রার জানিয়েছেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন রজত।
যাদবপুরে ছাত্রমৃত্যুর দিন হস্টেল থেকে ডিনকে ফোন করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। কোনও ছাত্র তাঁকে ফোন করে হস্টেলের পরিস্থিতির কথা জানিয়েছিলেন। মৃত ছাত্রের আচরণ সম্বন্ধেও জানানো হয়েছিল রজতকে। রাত ১০টা ৫ মিনিট নাগাদ তিনি সেই ফোন পান। রজতের দাবি, তিনি সঙ্গে সঙ্গে হস্টেলের সুপারকে বিষয়টি জানিয়েছিলেন। সুপার পরে হস্টেলের নীচে এসে ঘুরে যান বলেও জানতে পেরেছে পুলিশ। অভিযোগ, সেই রাতে ১১টার পর ডিনকে আবার ফোন করা হয়েছিল। কিন্তু আর তাঁকে ফোনে পাওয়া যায়নি।
