
নদিয়া, ১৩ আগস্ট : যাদবপুরে মৃত প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ নাবালক ছিল। সে কারণেই এবার পকসো আইনে মামলা হবে বলে জানালেন শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।
রবিবার মৃত ছাত্রের মামার বাড়িতে এসে তাঁদের সঙ্গে কথা বলেন অনন্যা চক্রবর্তী। তাঁর সূত্রেই জানতে পেরেছেন যাদবপুরের প্রথমবর্ষের ওই ছাত্র নাবালক ছিল। শীঘ্রই এ কথা পুলিশকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। সেই অনুযায়ী এবার তদন্ত হবে। ঘটনা গ্রেফতার হওয়া ছাত্রদের বিরুদ্ধেও হবে পকসো আইনে মামলা। হস্টেলে যাওয়ার পর থেকেই ওই ছাত্রের যৌন নির্যাতন করা হয়েছে বলেও দাবি অনন্যা দেবীর।
গায়ে মিলেছে সিগারেটের ছ্যাঁকার দাগ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এদিনই তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বলেও জানান। কেন বারবার বলার পরেও যাদবপুরে সিসিটিভি বসানো হল না, কেন দীর্ঘদিন কর্তৃপক্ষের লোকজন উদাসীন ছিলেন সেই প্রশ্নও তুলে দিয়েছেন অনন্যা দেবী। প্রশ্ন তুলেছেন অধ্যাপকদের ভূমিকা নিয়েও। সাফ বলেন, “ওখানে সিসিটিভি নেই, রেজিস্ট্রার ঠিক মতো থাকে না। এটা অমার্জনীয় অপরাধ। ওখানে হস্টেলে মাস্তানি, দাদাগিরি, আঁতলামি দীর্ঘদিন ধরে চলে আসছে। ওরা মনে করে ওরা সব আইনের ঊর্ধ্বে। এটা হতে পারে না। যাতে এরকম ঘটনা আর না ঘটে। সেদিকে আমাদের নজর থাকবে। আমরা এর শেষ দেখে ছাড়ব।”
