kolkata

3 years ago

Howrah Murder Case : হাওড়া হত্যাকাণ্ডে স্বামীর বয়ানে সন্দেহ, খতিয়ে দেখা হচ্ছে নিহতের স্বামীর বক্তব্যও

Howrah Youtuber Murder Case
Howrah Youtuber Murder Case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার সকাল ৬টা নাগাদ হাওড়ার বাগনানের রাজাপুর এলাকায় জাতীয় সড়কের উপর মহিষরেখা সেতুর কাছে গুলি করে খুন করা হয়  ঝাড়খণ্ডের ইউটিউব ‘তারকা’ রিয়া কুমারকে। রিয়ার স্বামী প্রকাশের দাবি, তাঁরা রাঁচী থেকে গাড়ি চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁদের আড়াই বছরের শিশু কন্যা। কোনও চালক ছিলেন না, গাড়ি চালাচ্ছিলেন প্রকাশই।  

প্রকাশের বক্তব্য, প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি গাড়ি থামিয়েছিলেন মহিষরেখা সেতুর কাছে। প্রকাশের বক্তব্য, তিনি গাড়ি থেকে নেমে প্রস্রাব করার সময় তাঁকে ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তারা সকলেই সশস্ত্র ছিল বলে জানিয়েছেন প্রকাশ। তাঁর অভিযোগ, তাঁদের থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। প্রকাশের দাবি, সেই সময় গাড়ি থেকে নেমে ছিনতাইয়ে বাধা দিয়েছিলেন রিয়া। বাধা পেয়ে দুষ্কৃতীরা রিয়াকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। কানের তলায় গুলি লাগে রিয়ার। 

প্রকাশ আহত স্ত্রীকে নিয়ে পৌঁছন রাজাপুর থানার পীরতলা এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান তিনি। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসার পর উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। কিন্তু চিকিৎসকরা রিয়াকে মৃত বলে জানান। 

প্রকাশের এই বয়ান খতিয়ে দেখছে পুলিশ। বিশেষত তাঁদের ভাবাচ্ছে, সেতুর কাছে গাড়ি দাঁড় করানো এবং ঠিক সেই সময়েই দুষ্কৃতীদের প্রকাশকে ঘিরে ফেলা— এই দুই ঘটনার সমাপতন। এই দুই ঘটনা কাকতালীয়, না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিকের বক্তব্য, ‘‘এটা ছিনতাই বলে মনে হচ্ছে না। দুষ্কৃতীরা কী করে জানল যে, ওই দম্পতি মহিষরেখা সেতুর কাছে দাঁড়াবে? তারা কী আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল? না কি প্রকাশ এবং রিয়ার গাড়িটিকে অনুসরণ করছিল? তা ছাড়া সচরাচর ওই ফাঁকা জায়গায় কোনও গাড়ি দাঁড়ায় না। এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’  

বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া বলেন, ‘‘নিহতের নাম রিয়া কুমারী। ওঁর আর একটি নাম ঈশা আলিয়া। তবে তিনি ইউটিউব করতেন কি না এ নিয়ে পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই। ওঁর বাড়ির লোকজন আসছেন। ওঁরা এলে অভিযোগ দায়ের হবে। গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ।’’

You might also like!