
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যোগীর রাজ্য টেক্কা দিল মমতার বাংলাকে!তবে তাতে বেশ স্বস্তিতেই রয়েছে মমতার বাংলা। না না এ কোনো রাজনৈতিক পরিসংখ্যান নয়, তাপমাত্রার তারতম্যে বাংলাকে টেক্কা দিল উত্তরপ্রদেশ।
গত কয়েক দিনের মতো সোমবারও দেশের বিভিন্ন শহরে পারদ চড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার দেশের মধ্যে উষ্ণতম শহর ছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। গরমের নিরিখে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। এই রাজ্যের মধ্যে সোমবার সবচেয়ে উষ্ণ জেলা ছিল বাঁকুড়া।
সোমবার প্রয়াগরাজের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সোমবার প্রয়াগরাজ ছিল উষ্ণতম শহর। প্রায় ১ ডিগ্রি তাপমাত্রা কম ছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। সেখানে সোমবার পারদ চড়েছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৭ ডিগ্রি বেশি। আর একটু হলেই গরমে নজির গড়ে ফেলত বাঁকুড়া। উল্লেখ্য, বাঁকুড়ার পাশাপাশি বীরভূমের শ্রীনিকেতন, পানাগড়েও তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে ছিল। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশারও একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। সোমবার বাংলার এই পড়শি রাজ্যের বারিপদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরপ্রদেশের ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
সূত্রের খবর, মঙ্গলবারও থাকবে গরমের দাপট। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, সিকিমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। রবিবার মহারাষ্ট্রে গরমে মৃত্যু হয়েছে ১৩ জনের।
