
কলকাতা, ১০ জানুয়ারি : মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস জরুরি তলব করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের জেরে এই জরুরি তলব বলে মনে করা হচ্ছে। এর আগে রাজ্যপাল থাকাকালীন বর্তমান উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় কথায় কথায় রাজ্যের পুলিশ-প্রশাসনের কর্তাদের ডেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিতেন। যা নিয়ে রাজ্যের সঙ্গে তাঁর বিরোধ সর্বজনবিদিত ছিল। এবার সিভি আনন্দ বোসও রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার কলকাতার পুলিশ কমিশনারকে রাজভবনে ডেকে পাঠালেন।
প্রসঙ্গত, সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়। তাঁর এজলাস বয়কট করার ডাক দেন একদল আইনজীবী। তাঁরা এজলাসের দরজা বাইরে থেকে আটকে দেন। আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেওয়া হয়। বাম, কংগ্রেস, বিজেপি সমর্থক আইনজীবীদের সঙ্গে ওই বিক্ষোভকারী আইনজীবীদের ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে বিচারপতি মান্থা এজলাস ছেড়ে চলে যান। তাঁর বিরুদ্ধে হাইকোর্টে পোস্টার পড়ে। রবিবার রাতে একই পোস্টার পড়ে বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির সামনেও।
