
কলকাতা, ১৩ ডিসেম্বর : অগত্যা ট্রেনে চেপেই বীরভূম যেতে হচ্ছে রাজ্যপালকে।বৃহস্পতিবার শান্তিনিকেতনে রাজ্যের লোকসংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করতে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে যাবেন তিনি।
সকাল ১০টায় হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল। রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়ে না-পাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন জেলায় যাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছিলেন রাজভবনের তরফে ৷ রাজভবনের তরফে চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের নির্দিষ্ট বিভাগে। যদিও যান্ত্রিক ত্রুটি কিংবা হেলিকপ্টারের সমস্যার কথা তুলে ধরে রাজ্য সরকারের তরফে স্পষ্ট বলে দেওয়া হয় রাজভবনকে হেলিকপ্টার দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।
বুধবার রাজভবন সূত্রে খবর, এবারও রাজভবনকে হেলিকপ্টার না-দেওয়ার কারণ হিসেবে সেই আগের কারণই দেখানো হয়েছে রাজ্যের তরফে। মঙ্গলবার রাজভবন থেকে রাজ্য সরকারের কাছে হেলিকপ্টারের বিষয়ে মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু স্পষ্ট করে দেওয়া হয় রাজভবনকে এই মুহূর্তে হেলিকপ্টার দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বোলপুর যেতে সকালেই নির্দিষ্ট ট্রাভেল এজেন্সিকে দিয়ে রাজ্যপালের শান্তিনিকেতন যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে, বেলা ১২টা নাগাদ বোলপুরে নামবেন রাজ্যপাল। সেখান থেকেই শান্তিনিকেতনের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে পৌঁছবেন তিনি। রাজ্যপাল সৃজনী শিল্প গ্রামে লোকসংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তারপর রাতের মধ্যে তাঁর কলকাতা ফেরার কথা।
