
কলকাতা, ২৬ ডিসেম্বর : গির্জায় মোমবাতির শিখা থেকে আগুন লাগল বছর দশেকের এক বালিকার জামায়। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কসবার টেগোর পার্কের এক গির্জায়। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ওই বালিকাকে চিকিৎসার জন্য মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কসবার বাসিন্দা ওই বালিকাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন ঘটনাস্থলে থাকা কসবা থানার এক সাব-ইনস্পেক্টরও।
পুলিশ সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সেই সময় গির্জায় মোমবাতি জ্বালাচ্ছিলেন দর্শনার্থীরা। মেয়েটি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। প্রাথমিক অনুমান, অসাবধানতাবশত মোমবাতির শিখা থেকে আগুন লেগে যায় তার জামায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে হাজির ছিলেন কসবা থানার এক সাব-ইনস্পেক্টর। মেয়েটির গায়ে আগুন লাগতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান তিনি। আগুন নেভাতে গিয়ে হাত পুড়ে যায় তাঁরও। অগ্নিদগ্ধ ওই বালিকাকে প্রথমে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মানিকতলা ইএসআইয়ে নিয়ে যাওয়া হয়।
