
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি নিয়ে শেষ কয়েক মাস ধরে রাজ্য রাজনীতি বারে বারে উত্তাল হয়ে উঠেছে। এবার সেই তদন্তের স্বার্থেই এই প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (কলকাতায় যেখানে ইডির দফতর রয়েছে) হাজিরা দিয়েছেন রত্না।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে মানিক ভট্টাচার্য যখন ছিলেন, সেই সময় সচিব পদে কর্মরত ছিলেন রত্না। এর আগে, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন রত্না। সেই সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে তিনি জেলে রয়েছেন। এর পর একের পর এক নতুন তথ্য হাতে উঠে এসেছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। নিয়োগে দুর্নীতির সময় পর্ষদের সচিব ছিলেন রত্না।অনুমান সেই প্রসঙ্গেই হতে পারে জিজ্ঞাসাবাদ।
