
কলকাতা, ১২ অক্টোবর : কলকাতার মহেশতলা এলাকায় আগুন লাগল একটি কাপড়ের গোডাউনে। বৃহস্পতিবার ভোরে মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর এলাকায় অবস্থিত কাপড়ের গোডাউনে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে ৪টা নাগাদ গোডাউনের দোতলায় হঠাৎ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
পুলিশ ও দমকল সূত্রের খবর, গোডাউনের যে অংশে আগুন লাগে সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা ছিল। আগুন লাগায় সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। আগুন লাগার খবর পাওয়ার পর দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশও। পুজোর আগে গোডাউনে আগুন লাগায় কপালে হাত কাপড় ব্যবসায়ীদের। কাপড়ের ব্যবসায় চরম ক্ষতির আশঙ্কা করছেন মালিকপক্ষ।
