
হাওড়া, ১০ এপ্রিল : হাওড়ার ঘুসুড়ির নস্করপাড়ায় আগুন লাগল একটি প্লাস্টিক কারখানায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন কারখানার ভিতরে দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোয়ায় এলাকা ঢেকে যায়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ নস্করপাড়ার প্লাস্টিকের কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা।
ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। আশেপাশের বাড়ির ছাদ থেকে বালতি করে জল ঢালা শুরু হয়। পরে দমকলের ৩টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, কারখানায় কাজ চলার মাঝেই আগুন লাগে। তখন কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে দেখে সবাই বাইরে বেরিয়ে আসেন। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে গ্রাস করে ফেলে গোটা কারখানা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
কারখানার পাশের বিভিন্ন বাড়ির ছাদ থেকে স্থানীয় বাসিন্দারা ও শ্রমিকরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। ৩টি ইঞ্জিন ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কারখানায়।
