
কলকাতা, ৭ নভেম্বর : নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া যুব তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার প্রাক্তন সভাপতি কুন্তল ঘোষের ফ্ল্যাটে মঙ্গলবার হানা দিল ইডি। মালিকানা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই ইডি আধিকারিকরা এদিন ওই ফ্ল্যাটে যান বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তিনি ইডির হাতে গ্রেফতার হয়েছে ।
সিসি সেন্টার ২-এর উল্টোদিকে একটি অভিজাত আবাসনে কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডি। এই ফ্ল্যাট থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে হয় কুন্তল ঘোষকে। আবাসন কর্তৃপক্ষর দাবি, কুন্তল ঘোষ ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। গ্রেফতারির পর ফ্ল্যাটের মালিক এখন নিজেই থাকেন।
ইডি সূত্রে জানতে পারা গিয়েছে, এই ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে বলেই জানতে পেরেছেন ইডি তদন্তকারীরা। বর্তমানে ফ্ল্যাটে যিনি আছেন তিনি কি আসল মালিক? কবে কিনেছিলেন এই ফ্ল্যাট? কার কাছ থেকে কিনেছিলেন এবং কত টাকার বিনিময়ে? কোনও ভাবে কুন্তল ঘোষের বেনামি সম্পত্তি সুকৌশলে বিক্রি করা হয়েছে! যাবতীয় বিষয় খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।
