
কলকাতা, ১৭ জানুয়ারি : “এনভায়রনমেন্টালিজম উইদাউট ক্লাশ স্ট্রাগল ইজ গার্ডেনিং'। বলেছিলেন চিকো মেন্ডেস। আমাজনের জঙ্গল বাঁচাতে তাঁর আজীবন লড়াই, এবং তারপর জঙ্গল মাফিয়াদের হাতে তাঁর মৃত্যু।
আজ ছোট পরিসরে বাগান করে, বাড়ির ব্যালকনিতে ফুল ফুটিয়ে, ফল ঝরিয়ে পরিবেশ বাঁচানোয় অংশগ্রহণ করছি বলে যারা নিশ্চিন্তে থাকার চেষ্টা করছি, তাঁদের উদ্দেশেই চিকোর এই বক্তব্য। বাগান করে পরিবেশ বাঁচানো যায় না, পরিবেশ বাঁচানোর জন্য চাই রাজনৈতিক চেতনা। যে চেতনা জলবায়ু পরিবর্তনের শিকড়ে পৌঁছে প্রশ্ন করবে উন্নয়নের বিপুল আয়োজনকে, প্রশ্ন করবে যোশীমঠের বিদ্যুৎ প্রকল্পকে।
এ দেশে জলবায়ু নিয়ে সচেতনতা যে কম, তাও কি উদ্দেশ্যপ্রণোদিত নয়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড কালচার' ও ‘জেইউএএক্স'-এর যৌথ আয়োজনে মঙ্গলবার অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হলে আয়োজন করছে এক আলোচনাচক্র ‘দ্য এনট্যাঙ্গেলড ওয়ার্ল্ড'। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ম্যাথিউ হিবার্ড, সুবর্ণা ভট্টাচার্য, হিমাংশু কুমার, অভীক রায়, অনু জালাইস, দয়াবতী, কুমার রাণা ও অমিতেশ মুখোপাধ্যায় আলোচনায় অংশগ্রহণে আমন্ত্রিত হয়েছেন।
ইউরোপ ও ভারতের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্দোলন, পূর্ব ভারতের জলাভূমির দূষণ, বস্তার থেকে আদিবাসী উৎখাত ও ফলস্বরূপ পরিবেশ সংকট, ইত্যাদি বিষয় আলোচনায় উঠে এসেছে।
