
কলকাতা, ৩ আগস্ট : চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি। বুধবার এসএলএসটি চাকরিপ্রার্থীদের পর বৃহস্পতিবার সকালে পথে নামলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে, গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েন তাঁরা।
বৃহস্পতিবার সকালে সল্টলেকে এসএসসি-র দফতর অচার্য সদনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে অশান্ত পরিস্থিতি তৈরি হয়। বিনা অনুমতিতে কলকাতার করুণাময়ী এলাকায় আচার্য সদনের গেটের সামনে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন ২০১৬ সালের উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তির পর ২০১৫ সালে পরীক্ষায় বসেন এই চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও পান তাঁরা।
সকাল ৭.৪৫ মিনিট নাগাদ চাকরিপ্রার্থীরা আচার্য সদনের সামনে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব বিধাননগর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে আসে র্যাফের একটি বাহিনীও। ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ সেখান থেকে চাকরিপ্রার্থীদের সরিয়ে দেন বলে অভিযোগ।
