
কলকাতা, ১৮ অক্টোবর: ব্যবসা এবার ভালই হয়েছে, তবুও এখন মন ভালো নেই কুমোরটুলির শিল্পীদের। চার-পাঁচ মাস ধরে তিল তিল করে গড়ে ওঠা প্রতিমা একে একে পাড়ি দিচ্ছে পুজো মণ্ডপের উদ্দেশ্যে। ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে কুমোরটুলি। গত কয়েকদিন ধরেই মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে মা দুর্গার মূর্তি, চতুর্থীর দিনও সেই ছবি দেখা গেল কুমোরটুলির অলি গলিতে।
ঢাকে ইতিমধ্যেই কাঠি পড়ে গিয়েছে, উৎসবপ্রিয় বাঙালি ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছে। সবাই যখন ফেস্টিভ্যালের মুডে, তখন মন খারাপ কুমোরটুলির শিল্পীদের। প্রতিবছরের মতো এবারও নিজেদের হাতে গড়ে তোলা দূর্গা প্রতিমাকে বিদায় জানাতে গিয়ে মন খারাপ হচ্ছে শিল্পীদের। খালি হয়ে যাচ্ছে একের পর এক গোডাউন। মৃৎ শিল্পীদের কেউ কেউ বলছেন, মন তো খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু মায়ের আসল স্থান তো মণ্ডপে। আবার যাঁরা প্রতিমা নিয়ে যাচ্ছেন, তাঁদের খুশি অফুরন্ত।
