
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছর অগস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই দিল্লিতে ইডির দফতরে ডাক পড়ে,অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের, তদন্তকারীরা দাবি করেন, বিপুল সম্পত্তি সম্পর্কে কেষ্ট-কন্যার কাছে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সদুত্তর দেননি। তিনি জানিয়ে দেন, ওই সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই (যিনি এখন ইডি হেফাজতে) দিতে পারবেন। ইডি সূত্রে খবর, ওই কারণেই অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হয়।
এরপর গত নভেম্বর মাসে গরু পাচার-কাণ্ডেই পর পর তিন দিন দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেন সুকন্যা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল, খাতায়-কলমে প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে। দু’দিনের জিজ্ঞাসাবাদে তৃণমূল নেতার মেয়ে সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাঁকে বার বার ডাকা হয়। ওই দু’দিন ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই তাঁকে এক বার তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা এড়ান। তার আগের বার আইনজীবী মারফত চিঠি দিয়ে সুকন্যা বেশ কিছু দিন সময় চেয়েছিলেন। তৃতীয় বারও তিনি ইডির তলব এড়ান। হাজিরা এড়ানোর কারণ হিসাবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়, সুকন্যা শারীরিক ভাবে অসুস্থ।
শেষ তিনবার হাজিরা এড়ালেও চতুর্থবার আর্থাৎ বুধবার সকালেই ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত-কন্যাকে। ইডি সূত্রে দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেন। তার পরই সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।
