
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় বড় ফাটল ধরেছে সল্টলেকের সুকান্তনগরে চিংড়িহাটা ফ্লাইওভারে। সেই ফাটলগুলিতে চাকা পড়ে গেলে কী হবে, সেই সংকটেই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন গাড়িচালকরা। বৃহস্পতিবার সকালে সেক্টর ফাইভগামী রাস্তায় একাধিক গর্ত দেখতে পান নিত্যযাত্রীরা। এর ফলে ওই বিপদসংকুল রাস্তায় তৈরি হয়েছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।
বৃহস্পতিবার সকাল থেকে চিংড়িহাটা উড়ালপুল দিয়ে গাড়ির গতি কমিয়ে চলাচল করার নির্দেশ দেওয়া হচ্ছে। ইএম বাইপাস থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী এই সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুল একটি ব্যস্ততম রাস্তা। প্রত্যেক দিন এই রাস্তা ধরে প্রচুর গাড়ি যাতায়াত করে। উড়ালপুলের শেষ প্রান্ত অর্থাৎ সুকান্তনগরের দিকে বড় বড় গর্ত দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গর্ত মাঝেমধ্যেই রাস্তায় দেখতে পাওয়া যায়।
বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, এই এলাকায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ চলছে। ফলে ভারী যন্ত্রপাতি ও মেশিনের ব্যবহার হচ্ছে, সেগুলির দ্বারা উড়ালপুলের ক্ষতি হয়ে গিয়েছে, কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। আবার স্থানীয় বাসিন্দাদের অনেকের মতে, এই ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। সেই কারণেও এই ঘটনা ঘটে থাকতে পারে। এখন কেএমডিএ-র পক্ষ থেকে উড়ালপুল বন্ধ করে দেওয়া হবে, নাকি উড়ালপুলের একাংশ সাময়িকভাবে বন্ধ রেখে মেরামতির কাজ করা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।
