
কলকাতা, ২৫ ডিসেম্বর : আজ রবিবার বড়দিন ছুটির মেজাজে সাধারণ মানুষ। পিকনিক, প্রিয়জনদের সঙ্গে আড্ডা, বেড়াতে যাওয়া-ফুরফুরে মেজাজে সকলেই। কিন্তু, উৎসবের শহরে শীতের দেখা নাই। শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প। এর ফলেই বড়দিনে বেড়েছে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে বছরের শেষে ফিরতে পারে শীত। নিউ ইয়ারেও শীত পাওয়া যাবে না এই আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু, মৌসম ভবনের এই পূর্বাভাসে স্বস্তি ফিরেছে কিছুটা।
এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
