
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোটা দেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। নবীন প্রজন্মকে পর্যটনে উৎসাহী করতে দেশ জুড়ে স্কুলে ‘যুবা টুরিজম ক্লাব’ তৈরিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সরকারি ওই উদ্যোগে সামিল হয়েছে উত্তরবঙ্গ ও সিকিমের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কও। ইতিমধ্যেই শিলিগুড়িতে পঁচিশটি ক্লাব তৈরি হয়েছে। আরও ক্লাব তৈরির কাজ চলছে।
সিকিমে প্রতিটি স্কুলে পর্যটন পাঠক্রম আবশ্যিক করা হয়েছে। সিবিএসই বোর্ডও পর্যটনকে ঐচ্ছিক পাঠক্রমে এনেছে। শিলিগুড়িতে বেশ কয়েকটি স্কুল ও কলেজে পর্যটন পড়ানো হচ্ছে। আজ, বুধবার গোটা দেশের সঙ্গে শিলিগুড়িতেও পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। সেখানে সামিল হবে শিলিগুড়ির যুবা পর্যটন ক্লাবের সদস্যরাও।
সকালে শহরে পদযাত্রার পরে ক্লাবের সদস্যদের নিয়ে শিলিগুড়ি জংশন থেকে সুকনা পর্যন্ত ছুটবে টয় ট্রেন। চলন্ত ট্রেনেই হবে নানা অনুষ্ঠান। বিকেলে নেটওয়ার্কের উদ্যোগে সুকনায় একটি হোটেলে সমগ্র উত্তর পূর্বাঞ্চল, সিকিম, নেপাল ও ভুটানে পর্যটনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন যাঁরা, তাঁদের অভিনন্দিত করা হবে।
উল্লেখ্য,এই উৎসবে সামিল হয়েছে শিলিগুড়ি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনও। এই অ্যাসোসিয়েশনটি আদতে শিল্পদ্যোগীদের সংগঠন হলেও সম্প্রতি ডুয়ার্সের কিছু রিসর্ট মালিকদের নিয়ে পর্যটন শাখা খুলেছে। সংগঠনের সম্পাদক সুরজিৎ পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের পর্যটন বিকাশে রাজ্য সরকারকে নানা প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা।
