
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর দু’মাস পর ক্যাম্পাস জুড়ে কাজ শুরু করল সিসিটিভি ক্যামেরা। অরবিন্দ ভবনের সামনের এক নম্বর গেট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের একাধিক গেটে বসল সিসিটিভি। শুধু বসলই না, মঙ্গলবার বিকাল থেকেই পুরোদমে কাজ শুরু করল অত্যাধুনিক প্রযুক্তির ওই সিসিটিভি ক্যামেরা।এই অত্যাধুনিক ক্যামেরা গাড়ির নম্বর প্লেট থেকে শুরু করে অন্ধকারেও আনাগোনা ধরা, মুখ চিহ্নিতকরণের মতো কাজ করতে সক্ষম বলে জানা গিয়েছে।
মেইন হস্টেলের গেটে মোট ৩টি সিসিটিভি ক্যামেরা বসছে। এর মধ্যেই থাকছে বুলেট এবং এএনপিআর ধরনের ক্যামেরা। বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিভবন এবং অরবিন্দ ভবনে থাকছে দিনরাত পর্যবেক্ষণের ব্যবস্থাও। সেখানে থাকবেন কর্মীরা।
অধ্যাপক বুদ্ধদেব সাউ বলেন, ”আমি একজন প্রশাসক না, একজন শিক্ষক হিসাবে লজ্জিত! বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা। সেখানে যে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, এটা ঠিক মনে হয় না। কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যে এই ব্যবস্থা করতে হচ্ছে নিয়ম মেনে।” আপনি কি অনুতপ্ত? উপাচার্যের উত্তর, “শিক্ষকের কাজ পড়ানো। অনুতপ্ত তো বটেই!”
এ প্রসঙ্গে যাদবপুরের মৃত ছাত্রের বাবা জানান, ”শুনলাম সিসিটিভি ক্যামেরা বসল অবশেষে। সেটা করতেও ২ মাস কেটে গেল! আমার ছেলেটাকে তো আর পাব না। আশা করব, যে অপরাধ ওই বিশ্ববিদ্যালয়ে হয় সেটা কমবে! অনেক প্রাণ বাঁচবে।”
