kolkata

3 years ago

MLA Tapash Saha summons to Nizam Palace: নিজাম প্যালেসে তলব, তেহট্টের বিধায়ককে সমন পাঠাল সিবিআই

Trinamool MLA Tapas Saha  Summon by CBI (File Picture)
Trinamool MLA Tapas Saha Summon by CBI (File Picture)

 

কলকাতা, ২৫ এপ্রিল  : আরও জিজ্ঞাসাবাদের জন্য তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।

গত সপ্তাহে বাড়িতে টানা ১৫ ঘণ্টার তল্লাশিতে বিপুল নথি উদ্ধার হয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সেসব নথি খতিয়ে দেখে ফের তাঁকে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবারও তাঁকে ডাকা হতে পারে।

নদিয়ার তেহট্টের কড়ুগাছি এলাকায় বিধায়কের বাড়ি, অফিস ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে টানা ১৫ ঘণ্টা করে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। তাতে একাধিক দফতরে নিয়োগ দুর্নীতির প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআইয়ের। তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়ি থেকেও বেশ কিছু জরুরি প্রমাণ পাওয়া গিয়েছে। সেসবের বিস্তারিত জানতেই ফের তাপস সাহাকে জেরার পরিকল্পনা বলে জানা যাচ্ছে।

শিক্ষা দুর্নীতিতে শাসকদলের একের পর এক বিধায়ক গ্রেফতার হয়ে জেলবন্দি। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা – এই তিনজনকে গ্রেফতারির পর সিবিআই মনে করছে, আরও বহুদূর বিস্তৃত দুর্নীতির জাল। সন্দেহভাজন হিসেবে তাই তেহট্টের বিধায়কের নাম হাতে পাওয়া পর গত সপ্তাহে তাঁর ডেরায় দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা। তল্লাশি চলে ঘনিষ্ঠদের ডেরাতেও। ১৫ ঘণ্টার তল্লাশির পরও অবশ্য তাপস সাহা কিংবা তাঁর ঘনিষ্ঠদের কাউকেই গ্রেফতার করেনি সিবিআই।

You might also like!