kolkata

2 years ago

CBI raids in several municipalities including Salt Lake: সল্টলেক-সহ বেশ কিছু পুরসভায় সিবিআই হানা

CBI in Saltlake (Symbolic Picture
CBI in Saltlake (Symbolic Picture

 

কলকাতা, ৭ জুন: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে এ বার রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় হানা দিল সিবিআই। বুধবার সকালেই সিবিআই আধিকারিকরা একাধিক দলে বিভক্ত হয়ে রাজ্যের একাধিক পুরসভায় পৌঁছন। তার আগে সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও যায় সিবিআইয়ের একটি দল। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখার জন্যই তাদের এই অভিযান। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া অয়ন শীলের হুগলির ফ্ল্যাটেও গিয়েছে সিবিআইয়ের একটি দল। জানা গিয়েছে, বুধবার সকালে নিজাম প্যালেস থেকে বের হয় সিবিআই আধিকারিকদের বেশ কয়েকটি দল। তাঁরা হানা দেয় সল্ট লেকের পুর ও নগরোন্নয়ন দফতর, চুঁচুড়া, শান্তিপুর, নিউ বারাকপুর, টিটাগড়, পানিহাটি ও দক্ষিণ দমদম পুরসভা-সহ বেশ কয়েকটি জায়গায়। দীর্ঘক্ষণ ধরে সেখানে চলে ম্যারাথন তল্লাশি। বহু নথি খতিয়ে দেখেন তাঁরা। তবে মূলত দেখা হয় নিয়োগ সংক্রান্ত নথি। এদিন পুরসভাগুলির অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। চুঁচুড়ায় অয়ন শীলের ফ্ল্যাট ও সংস্থায় যায় সিবিআই। তবে অয়ন শীলের বাড়ি সিল করা ছিল। তাই বাড়িতে যাওয়ার আগে থানায় যায় সিবিআই। জানা গিয়েছে, মূলত নথি খতিয়ে দেখতেই রাজ্য জুড়ে এই তল্লাশি। প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্তে নেমে পুরসভায় নিয়োগেও দুর্নীতি হদিশ মেলে। অভিযোগ, অর্থের বিনিময়ে কয়েক হাজার চাকরি বিক্রি হয়েছে। তদন্তে উঠে আসে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেনের মাধ্যমে রাজ্য়ের প্রায় সব পুরসভায় নিয়োগ হয়েছে। আর অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে অযোগ্যরা। সেই দুর্নীতির শিকড়ে পৌঁছতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

You might also like!