
কলকাতা, ৬ জুন: শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি বৃদ্ধি নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি শিভগননমের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার শুনানির জন্য ওঠে এই মামলাটি।
এদিন আবেদনকারীর আইনজীবীর কাছে প্রধান বিচারপতি জানতে চান, মামলাকারী কে? আইনজীবী জানান তিনি একজন শিক্ষিকা। এরপর প্রধান বিচারপতি বলেন, ওই শিক্ষিকাকে বলুন আগে আদালতে ৫০ লক্ষ টাকা জমা করতে। তারপর উনি দায়িত্ব নিয়ে গ্রামের স্কুলগুলি চালানোর ব্যবস্থা করুন।
সারা রাজ্যে কার্যত তাপপ্রবাহ চলার কারণে রাজ্য সরকার ১৪ জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশিকা জারি করে। এর আগেও একেই রকম পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দিন সাতেকের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ্য রাখা হয়েছিল। পরবর্তী কালে স্কুল কলেজ গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়। ঠিক হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ৫ জুন। কিন্তু তার মধ্যেই ফের ব্যাপক গরম পড়তে শুরু করে আবার সেই আগের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হল স্কুল খুলবে ১৫ জুন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন ওই শিক্ষিকা। মামলার আবেদনে বলা হয়, এমনিতেই করোনা পর্বে প্রায় দেড় বছর স্কুল কলেজ বন্ধ থাকায় পড়াশোনা হয়নি। ছাত্র ছাত্রীদের তখন অনেক ক্ষত হয়ে গিয়েছে। এর পরেও নানা অছিলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। এরকম চললে পড়ুয়াদের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিক আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ খারিজ করে সরকারি সিদ্ধান্তই বহাল রাখে।
