kolkata

2 years ago

Partha Chatterjee:পার্থের হয়ে মামলা লড়তে আসছেন বাঘা উকিল

(Left) Shamsuddin Shams and (Right) Partha Chatterjee
(Left) Shamsuddin Shams and (Right) Partha Chatterjee

 

কলকাতা, ২০ জুলাই  : রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং শাসক দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কারাবাসের এক বছর হয়ে গেল। এবার কি অবশেষে জামিন পাবেন তিনি? সম্প্রতি পার্থের মামলায় তাঁর আইনজীবী বদলেছে। দিল্লি থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর হয়ে মামলা লড়তে এসেছেন অভিজ্ঞ আইনজীবী।

বৃহস্পতিবারই প্রথম তিনি আদালতে সওয়াল করতে চলেছেন পার্থবাবুর হয়ে। ইডির মামলায় নগর দায়রা আদালতে পার্থের হয়ে জামিনের আবেদন করবেন তিনি। এই আইনজীবীর পুরনো রেকর্ড ঘেঁটে অনেকে মনে করছেন, পার্থবাবুর জামিন করানো এঁর পক্ষে মোটেই অসম্ভব নয়। তবে, শেষ পর্যন্ত সে সব নির্ভর করছে আদালতের উপর।

আইনজীবীর নাম শামসুদ্দিন শামস। ৩৪ বছর ধরে আইনের দুনিয়ার সঙ্গে যুক্ত। নিজস্ব আইনি পরিষেবা দেওয়ার সংস্থা রয়েছে। তবে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে গবেষণা করে পিএইচডি করা শামসুদ্দিনের আরও অনেকগুলি পরিচয় রয়েছে। যে ইডির বিরুদ্ধে পার্থবাবুর হয়ে মামলা লড়তে এসেছেন তিনি সেই ইডির সঙ্গে প্রায় দু’ দশক ধরে নিয়মিত ওঠাবসা ছিল তাঁর।

প্রায় ২০ বছর ইডির আইনি বিভাগের মাথায় ছিলেন তিনি। যে কোনও আর্থিক মামলায় ইডি কী আইনি পদক্ষেপ করবে, তা জানতে শামসুদ্দিনেরই দ্বারস্থ হতে হত ইডিকে। এবার ভবিষ্যৎ গতিপ্রকৃতি দেখতে অনেকেই অপেক্ষা করছেন অধীর আগ্রহ নিয়ে।



You might also like!