kolkata

3 years ago

Recruitment Scam:সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিলেন অয়ন শীলের স্ত্রী কাকলি

Ayan Shile
Ayan Shile

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সিজিও কমপ্লেক্সে  ইডির  দফতরে হাজিরা দিলেন অয়ন শীলের স্ত্রী কাকলি । নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অয়ন। তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি করে তাঁর এবং কাকলির জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন ইডি আধিকারিকরা। আলাদা করে কাকলির নামে অ্যাকাউন্টেরও হদিশ পাওয়া গিয়েছে। সম্ভবত আজ এই বিষয় নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। 

অবশ্য এই প্রথমবার সিজিও কমপ্লেক্সে গেলেন অয়নের স্ত্রী এমন নয়। এর আগেও ইডির তলবে হাজিরা দিয়েছেন তিনি। এদিন তলব করা হয়েছে অয়নের ছেলে অভিষেক এবং অয়নের সংস্থার দুই কর্মচারীকেও। ইডির দাবি, অভিষেক এবং তাঁর বান্ধবীর নামে হুগলিতে  একটি পেট্রল পাম্প রয়েছে। সেই ব্যবসার সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে  হাতানো টাকার যোগাযোগ থাকতে পারে। 

অয়নের বাড়ি এবং অফিসে দীর্ঘ তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। চাকরির পরীক্ষার প্রচুর ওএমআর শিট  অর্থাৎ উত্তরপত্র এবং তার প্রতিলিপি খুঁজে পান তাঁরা। এছাড়া পাওয়া গিয়েছিল পরীক্ষার অ্যাডমিট কার্ডও। এরপরেই অয়নকে গ্রেফতার করা হয়। ইডির অভিযোগ, অয়নের কাছে যেসব ওএমআর শিট পাওয়া গিয়েছে তা পুরসভায় নিয়োগের পরীক্ষার। ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। তার কিছু কাকলির এবং কিছু অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর।      

এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শান্তনু ঘোষের স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব করতে পারে ইডি। সূত্রের খবর প্রিয়াঙ্কাকে ডাকা হতে পারে আগামী সপ্তাহেই। শুধু প্রিয়াঙ্কা নন, শান্তনুর সঙ্গী রাকেশ মণ্ডল  এবং আরও কয়েকজনকে ডাকা হতে পারে। শান্তনু গ্রেফতার হতেই প্রকাশ্যে আসে তাঁর বিপুল সম্পত্তির কথা। ইডির দাবি, নিজের নামে তো বটেই, অন্যদের নামেও একাধিক জমি বাড়ি রয়েছে তাঁর।  









You might also like!